নিজস্ব প্রতিবেদক : ‘শিক্ষা আইন ২০১৬’ ইসলামী চিন্তা-চেতনার বিরুদ্ধে করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হুসাইন।
সোমবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের প্রতি এ হুমকি দেন তিনি।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘ইতিমধ্যে শিক্ষার্থীদের হাতে যে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়েছে, তাতে মুসলমানদেরকে হিন্দুত্ববাদ পড়তে বাধ্য করা হয়েছে। বিভিন্ন শ্রেণির বাংলা বইয়ে যেসব লেখকের গল্প-কবিতা প্রাধান্য পেয়েছে, তাদের অধিকাংশই হিন্দু ও মুসলিম নামধারী নাস্তিক।
ইসলামী চেতনাসম্পন্ন গল্প ও কবিতা বাদ দিয়ে সেখানে দেওয়া হয়েছে হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদী গল্প, কবিতা।’
বাংলাদেশকে ইসলামশূন্য করার দেশি ও বিদেশি চক্রান্ত রুখে দেওয়ার জন্য দল মত নির্বিশেষে সব ইসলামপন্থী জনতাকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

