মেহেরপুর প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন অভিযোগ করে বলেছেন, বিএনপি-জামায়াত জোট মুজিবনগর দিবস মানে না। কাজেই তাদের মুখে দেশপ্রেমের কথা মানায় না।
আজ রোববার দুপুরে মেহেরপুরের মুজিবনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই অভিযোগ করেন।
একই মঞ্চে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, একাত্তরের ১৭ এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্রই হচ্ছে বর্তমান সংবিধানের আইনগত ভিত্তি।
বেগম জিয়াকে পাকিস্তানি তাবেদার ও এজেন্ট আখ্যা দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, বেগম জিয়া এ দেশেকে জঙ্গি রাষ্ট্র হিসেবে সারা বিশে^ পরিচিতি করেছিলেন।
আজ রোববার মুজিবনগর দিবস উপলক্ষে মেহেরপুরের আ¤্রকানন শেখ হাসিনামঞ্চে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এমপির সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ফারুক খান, সাবেক মুক্তিযোদ্ধা-বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক সেলুন জোয়ার্দ্দার, মেহেরপুর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি মকবুল হোসেন প্রমুখ।
এর আগে সকাল সাড়ে ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগ নেতারা। অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন আনছার, পুলিশ, বিএনসিসি, স্কাউটস ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ ছাড়া সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ।

