ঢাকাSunday , 17 April 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাতিয়াকে জেলা ঘোষণার দাবি

Link Copied!

Hatiaনিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াকে জেলা ঘোষণার দাবি জানিয়েছে হাতিয়া ভিত্তিক কয়েকটি সংগঠন। একই সঙ্গে দ্বীপের নদী ভাঙন প্রতিবোধে ব্লক নির্মাণ ও মেঘনা থেকে ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধের দাবিও জানানো হয়।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানায় হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ, উপকূল বাঁচাও আন্দোলন, অনলাইন গ্রুপ তিলোত্তমা হাতিয়া, হাতিয়া অনলাইন পেইজ ও ঢাকাস্থ হাতিয়া ছাত্র ফোরাম।
মানববন্ধনে বক্তারা বলেন, চর লরেন্স ও আটকপালিয়া মান্নান নগরে দুটি বাঁধের অভাবে হাতিয়ায় মেঘনা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করছে। নদী ভাঙন থেকে রক্ষা না করলে হাতিয়া মানচিত্র থেকে হারিয়ে যাবে। আশির দশকে হাতিয়ার চেয়ে আয়তনে ছোট ২০টি এলাকাকে জেলা করা হয়েছে। কিন্তু হাতিয়াদ্বীপ নোয়াখালী জেলার অন্যান্য সব উপজেলার আয়তনের চেয়ে বড় হলেও একে জেলা করা হয়নি।
বক্তারা বলেন, অর্থনৈতিক এলাকা হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও হাতিয়ার প্রতি সরকারের বিশেষ কোনো উদ্যোগ নেই। বৃহত্তর হাতিয়া বাংলাদেশের একমাত্র উপজেলা, যার অভ্যন্তরীণ নৌসীমা রয়েছে শতাধিক মাইল। পাশাপাশি সমুদ্র সীমাও রয়েছে। সুতরাং ভৌগলিক গঠনে জলপথ, স্থলপথ, জনজীবন, সম্পদ নিরাপত্তা বিধানে বর্তমানে যথেষ্ট নয়।
বক্তারা আরো বলেন, বিগত ৫০ বছরে নদী ভাঙনের কারণে হাতিয়া দ্বীপের বহু মানুষ সহায় সম্বলহীন হয়ে পড়েছে। এদের রক্ষা করতে হলে দ্বীপের উত্তর পাশে ব্লক নির্মাণ করতে হবে।
পর্যটনের বিষয়টি তুলে ধরে বক্তারা বলেন, হাতিয়া দ্বীপের দক্ষিণে চর মিজান, দমারচর, মাইদুল, নিঝুমদ্বীপ, ঢালচর, জাগলারচর, কাজির বাজার ও ভার্জিন সি-বিচ রয়েছে। যেগুলো পর্যটন প্রেমীদের কাছে অনেক প্রিয়। বিশাল আয়তনের হাতিয়া দ্বীপকে একটি থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়ি দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাই একে জেলা ঘোষণা করে এর একাধিক অফিস আদালত স্থাপন করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য দেন, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট ফজলে আজীম তুহিন, উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার বিনয় ভূষণ দাস, তিলোত্তমা হাতিয়ার পরিচালক ফৌজিহা সাফদার সোহেলী, সিপিবির উপজেলার সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন লেলিন, হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফাহিম উদ্দিন, উপকূল বাঁচাও আন্দোলনের আহ্বায়ক সাংবাদিক শাহেদ শফিক, ছাইফুল ইসলাম মাসুম, কামরুজ্জামান প্রমুখ।