লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার সদরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের সেই যুবলীগ নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার সকালে ওই ছাত্রীর ভাই থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত জামাল রজব আলী পন্ডিত বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি একই উপজেলার দাসেরহাট বাজার কমিটির যুগ্ম সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
দাসেরহাট বাজার পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের কর্মকর্তা (এসআই) গণেশ চন্দশীল জানান, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী শনিবার সন্ধ্যায় খাতা কেনার জন্য দাসেরহাট বাজারে যায়। সে ফেরার পথে জামাল তাকে কৌশলে পাশের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে মেয়েটির পরিবারের অভিযোগ।
ধর্ষণের খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই যুবলীগ নেতা পলাতক রয়েছে বলে জানান ওসি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

