কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় বজ্রপাতে গোলাম মোস্তফা (৩২) ও রুবেল মিয়া (৩৫) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহত রুবেল মিয়া করিমগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের ইসমাইল মিয়ার ছেলে এবং গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলার চৌওহালি এলাকার আব্দুল করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উপজেলার রাঙ্গামাটিয়া হাওরে রুবেল মিয়া একদল কৃষকের সঙ্গে উপজেলার ধান কাটছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই রুবেল মিয়ার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা আরও ৩ জন শ্রমিক আহত হয়। তাদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে একই সময় পার্শ্ববর্তী আড়ালিয়া হাওরে ধান কাটা সময় গোলাম মোস্তফা নামে আরেক কৃষকের মৃত্যু হয়।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

