ফেনী প্রতিনিধি : ফেনীতে ছয় বছরের শিশুকে যৌন নির্যাতন ও ধর্ষণের চেষ্টায় অভিযোগে বৃদ্ধ আবুল বশরকে (৫৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রাম থেকে বশরকে আটক করা হয়। আক্রান্ত শিশু কাতালিয়া ফরাজি কোনা ইসলামিয়া মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বিকেলে কাতালিয়া গ্রামের ভূইয়া বাড়ির মীর হোসেনের ছয় বছরের কন্যা শিশু ফারজানা আক্তার ফারিয়াকে কলা দেয়ার কথা বলে আবুল বশর তার ঘরে ডেকে নিয়ে যায়। এক পর্যায়ে আবুল বশর শিশুটির স্পর্শকাতর স্থানগুলোতে কামড় দিয়ে যৌন নির্যাতন চালায়। শিশুটি চিৎকার করলে আশাপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে তার বাবা ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
শিশুর বাবা মীর হোসেন জানান, ‘আমার ৬ বছরের এই নিষ্পাপ শিশুটি শোর চিৎকার না করলে তাকে নির্যাতন করে মেরে ফেলতো। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার জানান, শিশুটির শরীরে যৌন নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতাল থেকে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহীনুজ্জমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্যাতনকারী বৃদ্ধ আবুল বশরকে আটক করেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছে ।

