নারায়ণগঞ্জ প্রতিনিধি : জেলার বুড়িগঙ্গা নদীতে পৃথক দু’টি অভিযানে তিনটি লঞ্চ থেকে ২৫০০ কেজি বিক্রি নিষিদ্ধ জাটকাসহ ১৫০০ কেজি পলিথিন জব্দ করেছে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড সদস্যরা।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার কোস্টগার্ড পাগলার স্টেশন কমান্ডার লেফটেনেন্ট সায়ীদ এম কাসেদ এ তথ্য নিশ্চিত করে জানান, জাটকা নিধন প্রতিরোধ অভিযান-২০১৬ উপলক্ষে তাদের একটি টিম বুধবার ভোর ৪টায় বুড়িগঙ্গা নদীতে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় কাঠপট্টি এলাকার যাত্রীবাহী ‘রিয়াদ-৩, কাজল-৭ ও আচল-৫’ নামে যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ২৫০০ কেজি অবৈধ জাটকা আটক করে। যার মূল্য ৭ লাখ ৫০ হাজার। পরে এগুলো জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
এদিকে ‘পরিবেশ সুরক্ষা অভিযান’ উপলক্ষ্যে সকাল সাড়ে ৮টায় বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে এমভি ভোলা ও এমভি শিশু নামে দু’টি যাত্রীবাহী লঞ্চ থেকে মালিকবিহীন অবস্থায় ১৫০০ কেজি অবৈধ পলিথিন আটক করা হয়। যার মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। পরে এগুলো পরিবেশ কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

