ময়মনসিংহ প্রতিনিধি : সদরের দাপুনিয়া ইউনিয়নের কাউয়ালটি গ্রামে অভিযান চালিয়ে ৪ জেএমবি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজীর নেতৃত্বে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, বোমা তৈরির বিভিন্ন রাসায়নিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দাপুনিয়া ইউনিয়নের কাউয়ালটি গ্রামের চাঁন মিয়ার দুই ছেলে মো. আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে হাসান আলী এবং একই এলাকার শষ্যমালা গ্রামের ওয়াহেদ আলীর ছেলে বিল্লাল হোসেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সদস্য বলে স্বীকার করেছে।

