স্পোর্টস ডেস্ক : ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে গত দুই বছরে বাংলাদেশ দল কম সাফল্যের দেখা পায়নি। ২০১৫ সালের বিশ্বকাপে খেলেছিল কোয়ার্টার ফাইনালে। এরপর শুরু হয় ঘরের মাঠে পাকিস্তান,ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়।
তাই বলে এই সাফল্যে ক্ষান্ত হয়নি টাইগাররা। এরপর ২০১৬তে ঘরের মাঠে অনুষ্ঠিত টি২০ ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালেও খেলেছে তারা। সামনে আরো বড় কিছু অর্জন করার লক্ষ্য টাইগার ক্রিকেটারদের। মঙ্গলবার এমনটা জানালেন বাংলাদেশ জাতীয় দলের ডানহাতি ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ।
ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ শিরোপা জয়ী অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। গত রোববার প্লেয়ার্স ড্রাফটে সবার আগে বেছে নেয়া হয়েছে ডানহাতি এই অলরাউন্ডারকে। বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে মঙ্গলবার থেকেই শুরু করেছেন মাঠের অনুশীলন। অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন মাহমুদুল্লাহ।
ঢাকা প্রিমিয়ার লিগে এবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তাই লিগ শুরুর আগে নিজেকে ঝালিয়ে নিতে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলনে এসেছিলেন তিনি। এ সময় তিনি বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমার প্রত্যাশা সামনের বছরগুলোতে আমরা আরো ভালো ক্রিকেট খেলবো। দেশ হিসেবে অনেক কিছুই অর্জন করার বাকি আছে। সবে শুরু, ইনশাল্লাহ আমরা আরো ভালো ক্রিকেট খেলে দেশকে আরো ওপরে নিয়ে যাবো।’
গত এশিয়া কাপে দলের প্রয়োজনে বদলে যাওয়া পজিশনে খেলেছেন মাহমুদুল্লাহ। সেখানেও সাফল্য ধরা দিয়েছে তার ব্যাটে। টি২০ বিশ্বকাপেও ওই পজিশনে দলের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটাতে দলকে পূর্ণতা এনে দিতে পারেননি রিয়াদ। বেঙ্গালুরুতে ওই ম্যাচে তার ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করার অভিপ্রায় উল্টো কাঁদিয়েছে গোটা দেশকে। যে পোড়া স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় দেশের ক্রিকেটপ্রেমীদের।
ক্রিকেট খেলতে নামলে কখনও বাংলাদেশ দল সাফলের দেখা পাবে আবার কখনও পাবে না। তারপরও সমর্থকদের সবসময় পাশে চান মাহমুদুল্লাহ রিয়াদ।
এ বিষয়ে ডানহাতি এ ব্যাটসম্যান বলেন, ‘একটাই কথা আমরা অনেক সময় ব্যর্থ হই; কিন্তু তাদের (সমর্থক) সমর্থনটা সব সময়ই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা আছেন এবং যারা থাকবেন তাদের সমর্থন সব সময় খুবই গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশকে সাফল্য এনে দেই, একই সঙ্গে চেষ্টা করি ভালো খেলার। যদিও কখনও কখনও আবার ব্যর্থও হই। তবে তাদের সমর্থন যেন আমরা সব সময়ই পাই এই প্রত্যাশা থাকে সব সময়।’

