বিনোদন প্রতিবেদক : ‘ভাঙ্গা তরী, ছেঁড়া পাল’ খ্যাত কণ্ঠশিল্পী কিশোর পলাশ। আসছে বৈশাখে একাধিক মিক্সড অ্যালবামে থাকছেন তিনি। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হচ্ছে তার অ্যালবামগুলো। প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ‘জীবন গাড়ী’ অ্যালবামে থাকছে তার কণ্ঠে শিরোনামের গানটিই। এটি লিখেছেন সঞ্জয় শীল এবং সুর করেছেন এ এইচ জীবন।
এছাড়া শহীদ খানের কথায় এবং এফ এ সুমনের সুরে ‘পরবাসী’ অ্যালবামে ‘২০৬ টা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন এ শিল্পী। অ্যালবামটি প্রকাশিত হচ্ছে সিডি চয়েজের ব্যানারে। হাসন রাজার কথা ও সুরে ‘ঘুড্ডি’ শিরোনামে একটি গান করেছেন ‘মন কান্দে প্রান কান্দে’ অ্যালবামে। এটি প্রকাশ করছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল।
আর আই মঞ্জু এবং শাহরিয়ার রাফাতের সুরে কণ্ঠ দিয়েছেন ‘নষ্ট জীবন’ শিরোনামের একটি গানে। গানটি থাকছে প্রযোজনা প্রতিষ্ঠান সুরাঞ্জলি ‘মন পিঞ্জিরা শিরোনামের মিক্সড অ্যালবামে। গোলাম রাব্বানীর কথায় কিশোর পলাশের নিজের সুরে থাকছে ‘তোমার প্রেমের মালায়’ শিরোনামের একটি গান।
বিভিন্ন মিক্সড অ্যালবামে গান করা প্রসঙ্গে কিশোর পলাশ জানান, আমি সাধারনত মিক্সড অ্যালবামে গান করি না। কিন্তু শ্রোতাদের টানেই মূলত এবার বেশ কিছু মিক্সড অ্যালবামে গান করেছি। প্রতি বছর একটি একক অ্যালবাম প্রকাশ করার কথা থাকলেও কিছু বিশেষ ক্ষণে ভক্তরা অ্যালবামের অপেক্ষায় থাকে, তাই এবার বৈশাখী আয়োজনে হাজির হয়েছি’।
এদিকে কিশোর পলাশ বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কনসার্ট আর নতুন একক অ্যালবামের কাজ নিয়ে। অ্যালবামটির সংগীতায়োজন করছেন এফ এ সুমন।

