স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের তো মাত্র শুরু, অনেক দিন পড়ে আছে। এরই মধ্যে ‘কাটার মাস্টার’ নামে পরিচিতি লাভ করেছেন। সমীহ আদায় করে নিয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানের। ২০ বছর বয়সী মুস্তাফিজুর রহমানের কথা বলছি। সংক্ষিপ্ত ক্যারিয়ারে বেশ সুনাম কুড়িয়েছেন, রীতিমতো ভাসছেন ক্রিকেটবোদ্ধাদের প্রশংসায়।
২টি টেস্ট ম্যাচ খেলে ঝুলিতে জমা করেছেন ৪ উইকেট। ওয়ানডে খেলেছেন ৯টি। নামের পাশে যোগ করেছেন ২৬ উইকেট। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫ উইকেট পেয়েছেন ৩টি ম্যাচে। ১৩টি টি২০ ম্যাচ খেলে পকেটে পুরেছেন ২২ উইকেট। সব শেষ টি২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রান খরচায় দখলে নিয়েছেন ৫ উইকেট।
এ তো ঈর্ষণীয় পারফরম্যান্স! তার পরও মুস্তাফিজ জানালেন, তিনি নাকি উইকেট পাওয়ার জন্য খেলেন না। স্রেফ আনন্দ পাওয়ার জন্য খেলেন। ভারতীয় মিডিয়াকে এক সাক্ষাৎকারে বাংলাদেশের এই কাটার মাস্টার বলেন, ‘আমি তো উইকেট পাওয়ার জন্য খেলি না। বোলিং করে আনন্দ পাওয়ার জন্য খেলি। উইকেট পেলে ভালো লাগে। আর আমার মনে হয়, যে বলটা আমি করি সেটা খেলতে সবারই অসুবিধা হয়।’

