রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে গরুবাহী নসিমন উল্টে ৭ ব্যবসায়ী আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা জানায়, রোববার ভোরে চাঁপাইনবাবগঞ্জের বাবর আলী এলাকা থেকে ওই ব্যবসায়ীরা ভটভটি চালিত একটি নসিমনে করে বেশ কিছু গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন। পথে রাজাবাড়িহাট এলাকায় নসিমনের চাকা বাস্ট হয়ে সেটি মহাসড়কে উল্টে যায়। এতে নসিমনে থাকা ৭ গরু ব্যবসায়ী আহত হন।
আহতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাবর আলী এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম ওরফে শফিক (৪৫), চন্দ্রনারায়ণপুর এলাকার গোলাম মোস্তফা (৫০), শিবগঞ্জের মনাকষা এলাকার আবদুল কাইয়ুম (৪০) এবং নওগাঁর বদলগাছী উপজেলার বারাতোল এলাকার খোরশেদ আলীকে (৪০) উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

