পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী শহরের টোল প্লাজা এলাকা থেকে পরিবহনকালে ২০ মণ জাটকাসহ একটি মিনি ট্রাক জব্দ ও এর চালককে আটক করেছে সদর থানা পুলিশ।
শনিবার সকালে লাউকাঠী নদীর পাড় মিনিট্রাকে করে হেতালিয়া বাঁধঘাট বাজারে নেয়ার সময়ে এসব জাটকা উদ্ধার করা হয়।
জাটকা পাচারের অভিযোগে মিনি ট্রাক চালক মো. শাহিন সরদারকে (৩০) শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন পাঁচ হাজার টাকা জড়িমান অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং উদ্ধারকৃত জাটকা শহরের গরীব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করার নির্দেশ দেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম তারিকুল ইসলাম জানান, গোপান সংবাদের ভিত্তিতে শনিবার সকালে সদর থানা পুলিশ এ অভিযান চালায়। তবে উদ্ধারকৃত জাটকা শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকার শাহআলী মৎস্য আড়তের মালিক মো. রেজাউল চৌকিদারের।

