আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পেল ৬৯ রাজবন্দী শিক্ষার্থী। সামরিক সরকারের সময়ে আটককৃত এসব শিক্ষার্থীকে মুক্তি দিতে শুক্রবার কর্তৃপক্ষকে নির্দেশ দেয় দেশটির আদালত। এর আগে বৃহস্পতিবার দেশের রাজবন্দীদের মুক্তি দেয়ার কথা জানিয়েছিলেন অং সান সু চি।
প্রায় এক বছর পর ওই ৬৯ শিক্ষার্থীর মুক্তিতে উল্লাসে ফেটে পড়ে আদালত চত্বর। তবে এখনো মিয়ানমারের বিভিন্ন কারাগারে ৪০০ রাজবন্দী রয়েছেন। গত বছরের নভেম্বরে মিয়ানমারে ভূমিধ্বস বিজয়ের নির্বাচনে সু চি জানিয়েছিলেন, ক্ষমতায় গেলে তার প্রধান এজেন্ডা হবে রাজবন্দীদের মুক্তি দেয়া।
প্রায় পাঁচ দশকের সামরিক শাসনের অবসান ঘটিয়ে শেষে ক্ষমতায় আসে নোবেলজয়ী সু চি’র নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। অবশ্য সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপ্রধান হতে না পারলেও কার্যত সরকার পরিচালনা করবেন সু চি’ই।
এদিকে বাকিদের মুক্তির বিষয়ে সু চি জানান, আইনগত প্রক্রিয়ার কারণেই বাকিদের মুক্তি দিতে দেরি হচ্ছে। তাদের মুক্তি পেতে আরো ১০ দিনের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছে বিবিসি।
মুক্তিপ্রাপ্ত বন্দীদের বেশিরভাগই গত বছরের মার্চে সরকার বিরোধী বিক্ষোভের সময় আটক হয়েছিল। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকেই।

