আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তায় বড় হুমকি হয়ে উঠেছে রাশিয়া এবং চীন। সাইবার প্রযুক্তিতে ইরানও তাদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে। মঙ্গলবার সিনেটের শুনানিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তার ভবিষ্যৎ হুমকি নিয়ে এ আশঙ্কার কথা জানান দেশটির ভারপ্রাপ্ত সাইবার কমান্ড অ্যাডমিরাল মাইকেল রজার্স।
সিনেটের আর্মড সার্ভিস কমিটির এ শুনানিতে রজার্স বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ওই তিন দেশ থেকে অনেক বেশি।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র সাইবার কমান্ড টিম গঠন প্রক্রিয়া শুরু করেছে এবং এর উন্নতিও লক্ষ্য করা যাচ্ছে। ১৩৩ টি দল নিয়ে সাইবার মিশন টিম গঠন করা হবে। ২০১৮ সালের দিকে তারা সক্রিয়ভাবে কাজ শুরু করবে। ইতোমধ্যে ১০০ টি দল সাইবার মিশনে কাজ শুরু করে দিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেন, সিরিয়া ও ইরাক প্রশ্নে সাইবার আক্রমন ঠেকাতে নিজেদের দক্ষতার ওপর জোর দেয়া হবে। আর এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সাইবার কমান্ডকে স্বাধীন ও স্বতন্ত্রভাবে কাজ করার জন্য তাদের দক্ষতা বাড়ানোর কথা বলা হয়েছে।
তবে বিষয়টি এখনও আলোচনাধীন থাকায় জনসম্মুখে কিছু বলতে রাজি হয়নি যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারা। এক্ষেত্রে হোয়াইট হাউজে প্রেসিডেন্টের রায়ই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।

