নিজস্ব প্রতিবেদক : এখন থেকে ৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন পরিকল্পনামন্ত্রী। এর বেশি হলে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করতে হবে। আগে মন্ত্রী ২৫ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন প্রকল্প নিজ ক্ষমতাবলে অনুমোদন দিতে পারতেন।
মঙ্গলবার শেরেবাংলা নগরস্থ জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) ভবনে অনুষ্ঠিত এনইসি বৈঠকে ‘সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন পদ্ধতি’ নামে প্রণীত নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
এনইসি বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
নীতিমালা অনুসারে, একটি প্রকল্প অনুমোদনের পর কোনো কারণে এর ব্যয় বেড়ে ২৫ শতাংশ বা এর ঊর্ধ্বে উন্নীত হলে তা পরিকল্পনামন্ত্রীকে দিয়ে অনুমোদন করাতে হবে। ২০০৮ সালের আগের নীতিমালায় এই এখতিয়ার ছিল ২০ শতাংশ পর্যন্ত।
এ ছাড়া নীতিমালায় বলা হয়েছে, পরিকল্পনামন্ত্রী ছাড়া অন্য কোনো মন্ত্রী বিনিয়োগ প্রকল্প অনুমোদন করতে পারেন না। তবে কারিগরি সহায়তা (টিএ) প্রকল্প অনুমোদন করতে পারেন। টিএ প্রকল্পের ক্ষেত্রে সাত কোটি টাকা পর্যন্ত অনুমোদন করা যেত। নীতিমালায় তা বাড়িয়ে ১০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
১০ কোটি টাকার ঊর্ধ্বে অথবা প্রকল্পে সরকারি অর্থের পরিমাণ ২০ শতাংশের মধ্যে সীমিত থাকলে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করতে পারবেন।
চলতি ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মন্ত্রণালয়ের প্রাক্কলনে প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ শতাংশের কথা বলা হচ্ছে।
এছাড়া দেশের মানুষের মাথাপিছু আয় হবে ১ হাজার ৪৬৬ ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১৫০ ডলার বেশি।
প্রসঙ্গত, চলতি অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। আর গত অর্থবছরে মাথাপিছু আয় ১ হাজার ৩১৬ ডলার এবং জিডিপির প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫১ শতাংশ।

