নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলার সুজানগর উপজেলার ৪০ জন মুক্তিযোদ্ধার নাম চূড়ান্ত গেজেটভুক্ত না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার (৫ এপ্রিল) এ আদেশ দেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়কে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে মুক্তিযোদ্ধাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক ইনাম টিপু। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
পরে আদালত থেক বেরিয়ে আইনজীবী তৌফিক ইনাম টিপু সাংবাদিকদের বলেন, ২০১৪ সালের ১৭ নভেম্বর পাবনা জেলার সুজানগর উপজেলার ৭০ জন সাময়িক সনদপ্রাপ্ত এবং ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সরকার কর্তৃক গঠিত ‘জেলা যাচাই কমিটি বাছাই কমিটি’ প্রকৃত মুক্তিযোদ্ধা গেজেটভুক্তির অনুমোদন ও সুপারিশ করে পত্র প্রেরণ করে।
এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ২০১১ সালের ১৮ সেপ্টেম্বর ১৬ জন মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করে। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে ৪০ মুক্তিযোদ্ধা হাই কোর্টে রিট আবেদন দায়ের করেন। মঙ্গলবার সেই রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

