বিনোদন ডেস্ক : রাবনে বানা দে জড়ি এবং যব তক হ্যায় জান সিনেমার পর আবারও বলিউড বাদশা শাহরুখের বিপরীতে অভিনয়ের সুযোগ পেতে যাচ্ছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ নির্মাতা ইমতিয়াজ আলীর আসন্ন সিনেমায় শাহুরুখের বিপরীতে দেখা যাবে তাকে।
২০০৮ সালে ‘রাবনে বানা দে জুড়ি’ নামের সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বলিউড বাদশা শাহরুখ খান। সৌভাগ্য থাকলে যা হয় আরকি! ফলত প্রথম ছবি দিয়েই বলিউডে প্রতিষ্ঠা পেয়ে যান আনুশকা। এরপর বলিউড বাদশার সঙ্গে ‘যব তক হ্যায় জান’ ছবিতে দ্বিতীয়বারের মত দেখা মেলে তার। যদিও ওই সিনেমায় শাহরুখের নায়িকা ছিলেন ক্যাটরিনা কাইফ। তবে এবার আবারও শাহরুখের বিপরীতে অভিনয় করতে চলেছেন আনুশকা।
মোটামুটি নিশ্চিতই ছিল ‘তামাশা’ খ্যাত মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলীর পরবর্তী ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। আর এবার জানা গেল ইমতিয়াজ আলীর এই ছবিতে শাহরুখের বিপরীতে দ্বিতীয়বারের মত অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন আনুশকা শর্মা! সব ঠিকঠাক থাকলে শাহরুখ অভিনীত মুক্তির প্রতীক্ষায় থাকা ‘ফ্যান’ ছবির পরেই কাজ শুরু হবে ছবিটির।
নতুন ছবিতে শাহরুখকে নাকি দেখা যাবে একজন শিখ সরদারের চরিত্রে। বলিউড বাদশা শাহরুখ খানকেও দেখা যাবে শিখের চরিত্রে পাগড়ি পরা অবস্থায়! ভারতীয় শীর্ষস্থানীয় ইন্ডিয়া.কম জানিয়েছে, মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলীর নতুন ছবিতে অভিনয় করতে চলেছেন বাদশা শাহরুখ খান। আর এই ছবিতেই পুরোদস্তুর একজন শিখের বেশে দেখা যাবে তাকে।

