বিনোদন ডেস্ক : পাঁচ বছর বয়সী নিষ্পাপ ছেলে আয়ান। বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির একমাত্র ছেলে তিনি। অথচ মাত্র তিন বছর বয়সে মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছিল সে। গত দুই বছর ধরে মরণব্যাধী ক্যানসারের সঙ্গে আয়ানের সঙ্গে সমান তালে লড়াই চালিয়েছেন বাবা ইমরান হাশমি। আর সেইসব সংকটাপন্ন ঘটনায় বাবা হিসেবে তিনি লিখেছেন ‘কিস অব লাইফ’ নামের একটি বইতে। নিজের ক্যানসার আক্রান্ত ছেলেকে নিয়ে লেখা হাশমির বইয়ের প্রচারে এবার যোগ দিলেন বলিউড বাদশা শাহরুখ খান!
বর্তমানে ক্যানসার মুক্ত ইমরান হাশমির একমাত্র ছেলে আয়ান। কিন্তু ক্যানসারে আক্রান্ত হওয়া ছেলের গত দুই বছরে বাবা হিসেবে যে যন্ত্রণা আর লড়াইয়ের মধ্য দিয়ে গিয়েছেন তা ধারনাতীত অন্যদের। একমাত্র ছেলের ক্যানসারে আক্রান্ত হওয়ার স্ট্রাগলিং তাই নিজের ভক্ত অনুরাগীদের জানাতে চাওয়ার ইচ্ছে থেকেই বই লিখেছেন ইমরান হাশমি। সদ্য বিখ্যাত প্রকাশনা ‘পেঙ্গুইন’ থেকে প্রকাশিত হয়েছে বইটি। আর এই বইয়ের প্রচারে যোগ দিয়েছেন শাহরুখ খান।
সম্প্রতি ইমরান হাশমি ও শাহরুখ খানকে ‘কিস অব লাইফ’ বইটি নিয়ে পোজ দিতে দেখা গেছে। আর টুইটে শাহরুখ শুভ কামনা পাঠিয়ে বার্তা দিয়েছেন ইমরান হাশমির ছেলে আয়ানের উদ্দেশে। টুইটে শাহরুখ বলেন, আল্লাহ তোমার ও তোমার পরিবারের মঙ্গল করুন। আমার ভালোবাসা ছোট্ট আয়ানের জন্য!
অন্যদিকে ইমরান হাশমিও শাহরুখের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়ে টুইটের জবাব দিয়েছেন। এবং একই সঙ্গে শাহরুখের আসন্ন সিনেমা ‘ফ্যান’-এর প্রমোটও করে দিয়েছেন ছোট্ট টুইটে! ছেলেকে নিয়ে লেখা বই প্রকাশনা উপলক্ষে নিজেকে শাহরুখের ‘ফ্যান’ বলেও স্বীকার করেন ইমরান হাশমি।
অন্যদিকে শুধুমাত্র শাহরুখ নয়, বরং সালমান খানসহ বলিউডের মেধাবী তারকা অভিনেতা-অভিনেত্রীরাও সোশাল সাইটে ইমরান হাশমির লেখা বইটির প্রচার চালিয়েছেন।

