বিনোদন ডেস্ক : কঠোর গোপনীয়তার ভেতর চলছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র ‘ডুব’-এর শুটিং। গণমাধ্যমকর্মী থেকে শুরু করে বহিরাগত কেউই সুযোগ পাচ্ছেন না চলচ্চিত্রটির শুটিংস্থলে উপস্থিত হওয়ার। জানা গেলো, মূলত শুটিং নির্বিঘ্ন করতেই এ উদ্যোগ।
মহরতের পর টানা শুটিং চলছে চলচ্চিত্রটির। নাম প্রকাশে অনিচ্ছুক ফারুকীর এক সহকারী জানালেন, আকাশের মুড ও ফারুকীর মুড অনুযায়ী চলছে চলচ্চিত্রটির শুটিং। বলা চলে ‘ডুব’ নির্মাণে গভীর ডুব দিয়েছেন ফারুকী ও গোটা শুটিং ইউনিট।
এ প্রসঙ্গে কথা হলো ফারুকীর সঙ্গেও, ‘শুটিং হচ্ছে কবিতা লেখার মতো একটা ব্যাপার। কবিতা লেখার সময় যেমন কবি তার আশেপাশের সব ভুলে যান, আমিও তেমন। শুটিং স্পটে অতিরিক্ত লোকজন থাকলে মনোযোগের ব্যঘাত ঘটে। তাই গণমাধ্যমের প্রবেশাধিকার সংরক্ষিত। আমি আমার অন্য ছবিগুলোও এভাবেই নির্মাণ করেছি।’-বললেন ফারুকী।
জানা গেলো, খোশমেজাজেই আছেন চলচ্চিত্রটির মূল আকর্ষণ ইরফান খান। হ্যাঁ ঢাকাতেই আছেন তিনি। নিয়মিত শুটিং করছেন। ইউনিটের মন জয় করে ফেলেছেন ইতোমধ্যেই। শুটিং ইউনিটের একজন বললেন, ‘মাটির মানুষ ভাই, এত বড় স্টার অথচ ভাবাই যায় না। তার পাশে বসে চা খাওয়া যায়, হাসি ঠাট্টা করা যায়।’ সবাইকে আপন করে নিয়েছেন ইরফান খান।
আরও জানা গেলো, চলতি মাসেই শেষ হচ্ছে চলচ্চিত্রটির শুটিং। বিরতিহীন কাজ চলছে। ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং সেরে অচিরেই বান্দরবান যাচ্ছে ‘ডুব’ ইউনিট।
ও হ্যাঁ তিশা ও পার্নো মিত্র? তারাও ডুবে গেছেন। খোশ মেজাজেই চলছে দৃশ্যধারণ। নির্মিত হচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যায়বহুল চলচ্চিত্র ‘ডুব’।

