স্পোর্টস ডেস্ক : এফএ কাপে বড় আশা নিয়েই ওয়াটফোর্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। দুর্ভাগ্য তাদের। তুলনামূলক দুর্বল দল ওয়াটফোর্ডের কাছে পরাজিত হয়েছিল গানাররা। যার ফলে টানা তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।
প্রিমিয়ার লিগের খেলায় সেই ওয়াটফোর্ডকে প্রতিপক্ষ হিসেবে পায় আর্সেনাল। বলার অপেক্ষা রাখে না যে প্রতিশোধের আগুনে জ্বলছিলেন সানচেজ-ওয়ালকটরা। শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রতিশোধটা ভালোভাবেই নিয়েছেন তারা। এদিন ওয়াটফোর্ডকে গানাররা বিধ্বস্ত করেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।
গানারদের পক্ষে প্রথম গোলটি করেন দলের প্রাণভোমরা অ্যালেক্সিস সানচেজ। খেলার ৪ মিনিটের মাথায় প্রতিপক্ষ ওয়াটফোর্ডের জাল কাঁপান চিলিয়ান এই তারকা। ৩৮তম মিনিটে অ্যালেক্স আইওবির গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি শেষে ফিরে আরো ভয়ঙ্কর রূপটা প্রদর্শন করে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে আরো দু’বার ওয়াটফোর্ডের জাল কাঁপান ওয়েঙ্গারের শিষ্যরা। ৪৮ মিনিটে সফরকারীদের জাল খুঁজে পান আর্সেনালের স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর বেলেরিন। ম্যাচের অন্তিমলগ্নে (৯০মিনিট) ওয়াটফোর্ডের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে প্রতিশোধ পর্বের ইতি টানেন ইংলিশ স্ট্রাইকার থিও ওয়ালকট।
এদিকে লিগের অপর ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে একই ব্যবধানে (৪-০) জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলেছেন ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। ফলও পেয়েছেন তারা। ম্যাচের ১৯ মিনিটের মধ্যেই আদায় করে নিয়েছেন তিন গোল। খেলার ৭ মিনিটে গোলমুখ উন্মোচন করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দো।
১৪ মিনিটের মাথায় বেলজিয়াম মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের লক্ষ্যভেদে সিটির গোল ব্যবধান দ্বিগুণ হয়। সফরকারীদের গোল ব্যবধানটা ৩-০তে পরিণত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+)আলেকজান্ডার কোলারভের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।
এই জয়ে ৩১ ম্যাচ শেষে লিগ টেবিলে ম্যানসিটির সংগ্রহ দাঁড়াল ৫৪ পয়েন্ট। তালিকায় সিটির অবস্থান চতুর্থ। সমসংখ্যক ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান তৃতীয়। শীর্ষে থাকা লেস্টার সিটির সঞ্চয় ৬৬।

