স্পোর্টস ডেস্ক : অবশেষে চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সময়সূচি। আগামী ২২ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে তার আগে ১০ এপ্রিল প্লেয়ার বাই চয়েজ (লটারি) পদ্ধতির মাধ্যমে ক্লাবগুলো তাদের পছন্দের ক্রিকেটারদের তালিকাভুক্ত করতে পারবে। শনিবার ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিসিডিএমের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সিসিডিএমের চেয়ারম্যান কাজী গোলাম মর্তুজা সংবাদ মাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ক্লাবগুলো দলে যত খুশি ততজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। তবে প্রতি ম্যাচে একজনের বেশি খেলাতে পারবে না কোনও ক্লাব।
সভাতে আইকন খেলোয়াড়দের নামও চূড়ান্ত করা হয়েছে। আগের তালিকা থেকে বাদ পড়েছেন নাসির হোসেন। আইকন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন ইমরুল কায়েস ও সাব্বির রহমান রুম্মন। আইকন ক্রিকেটার হিসেবে আগে থেকেই ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তরুণ ক্রিটোরদের মধ্যে মুস্তাফিজ এ ক্যাটাগরিতে পেয়েছেন।
দুই দিন আগে প্লেয়ারদের ‘বাই চয়েজ’ ক্যাটাগরিও চূড়ান্ত হয়েছে। আইকন ক্যাটাগরিতে খেলোয়াড়রা ৩০ লাখ টাকা সর্বোচ্চ পাবেন। এছাড়া এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা ২৫ লাখ, এ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২০ লাখ, বি প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ, বি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১২ লাখ, সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৮ লাখ, ডি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫ লাখ এবং ই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সাড়ে ৩ লাখ টাকা।

