স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলে আগেই মাঠে গড়াতো ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এতোদিনে শেষ হয়ে যেতো ঢাকার এই ঘরোয়া ক্রিকেটের এই আসর। আগের ঘোষণা অনুযায়ী ১৫ এপ্রিল মাঠে গড়ানোর কথা ছিলো ঘরোয়া এই লিগের।
কিন্তু সেটা পাঁচদিন পেছানো হয়েছে। ২০ এপ্রিল শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। এরআগে ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে প্লেয়ার বাই চয়েজ (লটারি) পদ্ধতিতে দল বাছাই। বৃহস্পতিবার ওয়ার্কিং কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করার ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘সিসিডিএমের একটা সিদ্ধান্ত হয়েছে আজকের (বৃহস্পতিবার) সভাতে। ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার বাই চয়েজের লটারি হবে এপ্রিলের ১০ তারিখ। আরেকটা সিদ্ধান্ত হয়েছে ১০ তারিখের পর ১০ দিনের মধ্যে প্রিমিয়ার লিগ শুরু হয়ে যাবে। তাতে করে ২০ এপ্রিল মাঠে গড়াবে লিগ।’
এবারের প্রিমিয়ার লিগে ‘প্লেয়ার বাই চয়েজ’ পদ্ধতিতে দলগুলো তাদের খেলোয়াড় সংগ্রহ করবে। এজন্য আগামী ১০ এপ্রিল ক্লাবগুলো তাদের পছন্দমতো খেলোয়াড় সংগ্রহ করবে। বৃহস্পতিবার প্লেয়ারদের ‘বাই চয়েজ’ ক্যাটাগরিও চূড়ান্ত করা হয়েছে।
এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘আগের থেকে ক্যাটাগরিতে একটু পরিবর্তন এসেছে। এ প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২৫ লাখ, এ ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ২০ লাখ, বি প্লাস ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১৫ লাখ, বি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ১২ লাখ, সি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৮ লাখ, ডি ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন ৫ লাখ এবং ই ক্যাটাগরির খেলোয়াড়রা পাবেন সাড়ে ৩ লাখ টাকা।’
গত আসরে নাম বদলে লিজেন্ড অব রুপগঞ্জ নামে প্রিমিয়ার লিগ খেলেছিল গাজী ট্যাংক। কিন্তু বিসিবির সাথে বোঝাপড়া ঠিক মতো হয়নি তাদের। তাছাড়া লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলকে ক্রিকেট সংক্রান্ত সব কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে বিসিবি।
সেক্ষেত্রে এবারের আসরে রূপগঞ্জ অংশ নিতে পারবে কিনা জানতে চাওয়া হলে জালাল ইউনুস বলেন, এ ব্যাপারে আলাপ আলোচনা হয়নি। তারা তো প্রিমিয়ার লিগে ছিল। এবার তারা অংশ নেবে কিনা এটা তো তাদের ক্লাবের সিদ্ধান্তের বিষয়।’
বৃষ্টির মৌসুমে এবারের ঢাকা প্রিমিয়ার লিগটি অনুষ্ঠিত হবে। এই কারণে এবারের প্রিমিয়ার লিগে রিজার্ভ ডেও থাকছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ আমরা এটাও চিন্তা ভাবনা করছি। যেহেতু আপনারা জানেন এপ্রিল মাসের পর থেকে বৃষ্টির মৌসুম শুরু হওয়ার সম্ভাবনা আছে। এ জন্য প্রতিটা ম্যাচের জন্য এক দিন করে রিজার্ভ ডে রাখা হবে।’
ঢাকা প্রিমিয়ার লিগে ক্লাবগুলোর অনুদান চাওয়ার প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘অনুদানের ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করেছি। আমরা এটা বোর্ডে ওঠাবো। আমরা সবাইকে ২০ থেকে ২৫ শতাংশ অনুদান বাড়ানোর চিন্তা-ভাবনা করছি।’

