স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ ফুটবলে এল ক্লাসিকো মানেই চরম উত্তেজনার। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দু’দলই। লিগের খেলায় এই লড়াই মানেই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার পালা। এই ম্যাচ অনেক সময় শিরোপা নির্ধারণও করে দিয়ে থাকে। সব মিলে এল ক্লাসিকোর রোমাঞ্চকর লড়াই উপভোগের জন্য মুখিয়ে থাকেন ফুটবলভক্তরা।
আগামী শনিবার রাত ৩টায় এল ক্লাসিকোর লড়াইয়ে ন্যু ক্যাম্পে রিয়ালকে স্বাগত জানাবে বার্সা। ওই দিন স্টেডিয়াম সাজবে সপ্তাহ খানেক আগে পরপারে পাড়ি জমানো ইয়োহান ক্রুইফের ছবিতে, এটা বলার অপেক্ষা রাখে না। আর বার্সার এই কিংবদন্তির জন্যই এবারের এল ক্লাসিকো জিততে চান মেসি-ইনিয়েস্তারা।
বার্সার অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘ক্রুইফের প্রতি সম্মান জানাতেই এল ক্লাসিকো জিততে চাই। সত্যিকারার্থে তিনি আমাদের জন্য যা রেখে গেছেন, তার জন্য এটাই হবে যথাযোগ্য সম্মান প্রদশর্নের বড় মাধ্যম। আমি আশাবাদী আমরা ম্যাচটি জিততে পারব।’
বার্সা শিবিরে এখন সবার ভাবনায় শুধুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে ম্যাচটি। এ নিয়ে রাত-দিন চলছে জল্পনা-কল্পনা। বার্সা দলনেতা ইনিয়েস্তার ভাষ্যে ফুটে উঠল এমনটাই, ‘দলের সবাই এল ক্লাসিকো নিয়ে ভাবছে। এ ব্যাপারে আমাদের মাঝে রীতিমতো আলোচনা হয়। কিছু বিশেষ ব্যাপার রয়েছে, সেগুলো আমাদের মনেই থাক (কাউকে না বলি!)’

