স্পোর্টস ডেস্ক : তারকা খ্যাতিতে পর্তুগালের চেয়ে বেলজিয়াম কম নয়! বেলজিয়াম দলে রয়েছে ফেলাইনি, লুকাকু, থিবো কোর্তোয়ার মতো ফুটবলাররা। অপরদিকে পতুর্গিজদের রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এই সুপারস্টারের কাছেই হেরে গেল বেলজিয়াম! ম্যাচটি রোনালদো জাদুতে পর্তুগাল জয় পেয়েছে ২-১ গোলের ব্যবধানে।
ঘরের মাঠে পর্তুগিজদের সূচনাটাও অবশ্য ভালো ছিল। খেলার ২০ মিনিটে নানির গোলে লিড নেয় স্বাগতিকরা। পিছিয়ে পড়া বেলজিয়াম ফের ধাক্কা খায় প্রথমার্ধের শেষের দিকে। ৪০ মিনিটের মাথায় মারিওর উড়িয়ে দেয়া বলটি দুর্দান্ত এক হেডে সফরকারীদের জালে জড়ান রোনালদো। গোলের পর তার উদযাপনটাও ছিল চোখে পড়ার মতোই। প্রথমার্ধে তাই ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতি শেষে খেই হারিয়ে ফেলে পর্তুগিজরা। যার খেসারত দিয়েছে এ অর্ধে একটি গোল হজম করে। ৬২ মিনিটে পর্তুগালের জাল কাঁপান রোমেলু লুকাকু। তবে এভারটন তারকার করা গোলটি শেষ পর্যন্ত সান্ত্বনার পাথেয় হয়ে থাকল সফরকারী বেলজিয়ামের জন্য। অপরদিকে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে ইউরোর প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রাখল পর্তুগাল।

