স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল পাকিস্তান। এর সঙ্গে অধিনায়ক শহিদ আফ্রিদির ক্যারিয়ারটাও মনে হয় ইতিটানতে বসলো। আর একারণেই বুঝি ফলাফল নির্ধারণ হয়ে যাওয়ার পরপরই কেঁদেই দিলেন বুমবুম।
এই পরিস্থিতির মধ্যে ভারতীয় গণমাধ্যমের সমালোচনার মুখে পড়লেন আফ্রিদি। মোহালিতে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন করায় কাশ্মীর থেকে আসা দর্শকদের ধন্যবাদ জানিয়েই এই বিতর্ক তৈরি করলেন তিনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে টসের সময় কাশ্মীরি দর্শকদের সমর্থন পেয়ে বলেছিলেন, এখানে অনেকে কাশ্মীর থেকে আমাদের হয়ে গলা ফাটাতে এসেছেন।
এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। খোদ বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেন, এমন রাজনৈতিক মন্তব্য অনভিপ্রেত।
শুক্রবার ২১ রানে অস্ট্রেলিয়ার কাছে হারে পাকিস্তান। ম্যাচ পরবর্তী আফ্রিদির সাক্ষাত্কারের সময়ও দর্শকদের মধ্য থেকে বিপুল উচ্ছ্বাস চোখে পড়ে। আফ্রিদি বলেন, কলকাতার দর্শকদের ধন্যবাদ আমাদের সমর্থন করায়। পাকিস্তান ও কাশ্মীর থেকে যারা এসেছেন, আমাদের মনোবল বাড়িয়েছেন, সমর্থন জানাই তাদেরও। ভারতে সবসময় আমাদের খেয়াল রাখায় ধন্যবাদ দিতে চাই বিসিসিআইকেও।
অবশ্য টি-২০ বিশ্বকাপের জন্য আসা ভারত সফরে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন আফ্রিদি। কলকাতায় পা দিয়েই সাংবাদিকদের সামনে বলেন, ‘দেশের থেকে বেশি ভালবাসা পাই ভারতে’। এরপরই সমালোচনার ঝড় বয় পাকিস্তানে। ‘আফ্রিদির লজ্জা হওয়া উচিত’ বলে মন্তব্য করেন জাভেদ মিঁয়াদাদ। পাল্টা আফ্রিদিও বলেন, বোধবুদ্ধিসম্পন্ন লোকজনের উদ্দেশেই তিনি এ কথা বলেছেন।

