নিজস্ব প্রতিবেদক : আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। সূর্যোদয়ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমেই দিবসটি পালনের কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
এরপরই সকাল ৫টা ৫৮ মিনিটে রাষ্ট্রপতি ও ৫টা ৫৯ মিনিটে প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শ্রদ্ধার্ঘ্য অর্পণের অব্যবহিত পর)। এরপর বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমেই শুরু করা হয়েছে।
এছাড়াও সকাল ১১টায় টুঙ্গীপাড়ায় জাতির জনকের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগের নেতারা।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৭ মার্চ রোববার বিকেল ৩টায় দিবসটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি এক বিবৃতিতে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ গৃহীত সকল কর্মসূচি পালনের জন্য সংগঠনের সকল শাখাসহ আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

