স্পোর্টস ডেস্ক : শেষ তিন বলে প্রয়োজন মাত্র দুই রান। তখন ক্রিজে ইনফর্ম মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু দুই জনই একই ধরনের ভুল করে বসলেন। প্রথমে মুশফিক হার্দিক পান্ডের শট বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট। এরপর পান্ডের লো-ফুলটস বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর এই আত্মঘাতী শটের সমালোচনা করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এমন শট থেকে মাহমুদুল্লাহ শিক্ষা নেবেন বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক।
শেষ ৩ বলেই উইকেট হারিয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে মাত্র ১ রানে। খেলা শেষে ধোনি বলেন, ‘আসলে ক্রিকেট খেলার ব্যাপারটাই এমন। ওই শটে যদি ছক্কা হতো, তাহলে বলা হতো দারুণ সাহসিকতা। এখন হচ্ছে সমালোচনা। আসলে এটাই ক্রিকেট।’
মহেন্দ্র সিং ধোনির মতে এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন মাহমুদুল্লাহ। এ বিষয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘অনেক সময়ই এ রকম হয়, বড় শট খেলে ম্যাচ শেষ করে দিতে ইচ্ছে করে। ভালো ব্যাটিং করতে থাকলে শট খেলার দিকেই বেশি ঝোঁক থাকে। বিশেষ করে উইকেট হাতে থাকলে, মনে হয় যে অন্য কেউ তো শেষ করতে পারবে। তাই এমন পরিস্থিতি থেকে অবশ্যই মাহমুদুল্লাহ শিক্ষা নেবে।’

