স্পোর্টস ডেস্ক : টি২০ ফরম্যাটে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে ভরাডুবি। পাকিস্তানের খেলা হয়নি ফাইনাল। লিগ পর্বে ভারত ও বাংলাদেশের সঙ্গে হার। জয় এসেছিল শুধু আরব আমিরাত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতে চলমান টি২০ বিশ্বকাপেও পাকিস্তান দলের অবস্থা তথৈবচ। তিন ম্যাচের মধ্যে একটিতে জয়, দুটিতে হার। জয় এসেছে শুধু বাংলাদেশের বিরুদ্ধে। হারতে হয়েছে ভারত ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে টি২০ বিশ্বকাপে সেমির খেলা প্রায়ই শেষ পাক শিবিরের। তবে সম্ভাবনা টিকিয়ে রাখতে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হবে, সঙ্গে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচের দিকে।
দলের এমন পরিস্থিতিতে সমস্ত দায়ভার গড়াচ্ছে অধিনায়ক শহীদ আফ্রিদি ও কোচ ওয়াকার ইউনুসের উপর। পাক মিডিয়ায় মুন্ডুপাত চলছে সবার। ইতোমধ্যে পাকিস্তানের সব গণমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপের পরই পাকিস্কান ক্রিকেট দলের পুরো কোচিং স্টাফ বরখাস্ত হতে পারে। ফলে বিদায় নিতে হবে মূল কোচ ওয়াকার ইউনুসকে। ছাড় পাবেন না হয়তো অধিনায়ক আফ্রিদিও। তাকেও সরিয়ে দেয়া হতে পারে অধিনায়কের পদ থেকে।
এমন আভাসের আগেই শহীদ আফ্রিদিও অবশ্য সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। সেখানে শুধু অধিনায়ক নয়, টি২০ ক্যারিয়ার থেকেই বিদায় নিতে পারেন। তিনি উল্লেখ করেছেন, গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। সব মিলিয়ে পাক শিবিরে চলছে চাপা উত্তেজনা।
আফ্রিদি সড়ে দাঁড়ালে কে হবেন অধিনায়ক, তা সময়ই বলে দেবে। তবে ওয়াকার ইউনুসের উত্তরসূরী প্রায় ঠিক হওয়ার পথে। পাকিস্তান দলের মূল কোচের দায়িত্ব নিতে পারেন সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। তিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন সংযুক্ত আরব আমিরাতের মূল কোচ হিসাবে। এশিয়া কাপে তার দল বাছাই পর্বে উতরে খেলেছিল মূল পর্বে। মূল পর্বে একটি ম্যাচ জিততে না পারলেও আরব আমিরাতের খেলায় মুগ্ধ হয়েছিলেন অনেকে।

