স্পোর্টস ডেস্ক : আশা জাগিয়েও আশাভঙ্গ। সারাদেশে কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের হৃদয় ভেঙে ফলটা এলো উল্টোই। গত শনিবার (১৯ মার্চ) নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তারপর তাদের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়। সেখানে তাসকিনের সব ডেলিভারি অবৈধ নয় বলে জানানো হয়। কিন্তু কিছু ডেলিভারি অবৈধ হওয়ায় তাকে বোলিং থেকে নিষিদ্ধ করা হয়।
তবে এই অল্প সময়েই যা কিছু ঘটছিল তাতে মনেই হচ্ছিল একটা কিছু ঘটতে যাচ্ছে। অর্থাৎ ফিরতে পারেন তাসকিন। যদিও ক্রিকেটের ইতিহাসে এমন নজির নেই।
আশাটা মূলত জেগেছিল রোববার (২০ মার্চ) এক প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যে। তিনি বলেন, ‘তাসকিনের (বোলিং অ্যাকশন নিয়ে) যে রিপোর্ট পেয়েছি এটা নিয়ে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। অত্যন্ত দুঃখজনক। আজ (রোববার) সকালে আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর, সিইও ডেভিড রিচার্ডসনের সাথে কথা বলেছি। তারা আইনজীবী দলের সঙ্গে বসেছে। আমরা তাৎক্ষণিক সাড়া দেয়ার জন্য অনুরোধ করেছি।
বিসিবি সভাপতি জানান, দ্রুত সাড়া দেয়ার প্রতিশ্রুতি মিলেছে আইসিসির চেয়ারম্যান ও সিইওর কাছ থেকে। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে যা যা করা দরকার আমি করেছি। অমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি। প্রধান দুই বোলারর চলে গেলে আমরা বিশ্বকাপ কি খেলব? এখন তো প্রায় আমাদের না খেলার মতোই অবস্থা দাঁড়িয়েছে।’
তাসকিন সানিকে নিয়ে বেশ কড়া মন্তব্য দিয়েছেন ক্রিকেটে স্পষ্টভাষী মানুষ হিসেবেই পরিচিত ইয়ান চ্যাপেলও। বাংলাদেশ দলের অন্যতম সেরা দুই বোলারের নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অযৌক্তিক বললেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক। বাংলাদেশ দলের জন্য সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘তাসকিন ও সানিকে কেন নিষিদ্ধ করা হলো, তা আমার বোধগম্য নয়। আমি মনে করি না যে এর পেছনে কোনো যুক্তি আছে। তা ছাড়া বড় কোনো টুর্নামেন্ট চলাকালে এমন সিদ্ধান্ত বড্ড খারাপই বটে। বাংলাদেশ দলের জন্য রইল সমবেদনা। দলের গুরুত্বপূর্ণ দুজন বোলারকে হারানোর ক্ষতি পুষিয়ে নেয়া তাদের জন্য সত্যিই কঠিন।’
এছাড়া গত দুই দিন ধরেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যোগাযোগ রক্ষা করে চলেছেন আইসিসির শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে। বোর্ড সভাপতি তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে এরই মধ্যে কথা বলেছেন আইসিসির সভাপতি শশাঙ্ক মনোহর, প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন ও সংস্থার প্রধান আইন কর্মকর্তার সঙ্গে।
এদিকে তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে করণীয় ঠিক করতে রোববার সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় এক বৈঠকে বসেছিলেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। আইনজীবীদের পরামর্শে এই বৈঠকেই তাসকিনের নিষেধাজ্ঞার বিষয়টি পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সবমিলিয়ে একরকম আশা জাগিয়েও শেষ হয়ে গেল তাসকিনের বিশ্বকাপ। সেই সঙ্গে ভাঙলো কোটি বাঙালির আবেগও। তাসকিনের নিষেধাজ্ঞা বহালই রইলো আইসিসির চোখে।

