কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের গাড়িয়ালপাড়ায় হোসেন আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টানধর্ম গ্রহণ করেছিলেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে গড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাসার পাশেই হোসেন আলী হাঁটছিলেন। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত হোসেন আলীর কাঁধে উপর্যুপরি কুপিয়ে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
হোসেন আলী প্রায় ১৭ বছর আগে সপরিবারে ধর্মান্তরিত হয়ে খ্রিষ্টানধর্ম গ্রহণ করেছিলেন। তিনি একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী ছিলেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জমির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

