ঢাকাTuesday , 22 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের সামনে উড়ন্ত নিউজিল্যান্ড

Link Copied!

pak-newzilendস্পোর্টস ডেস্ক : টি২০ বিশ্বকাপের পরিসংখ্যান মতে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে পাকিস্তান। দুই দলের চারবারের মুখোমুখি লড়াইয়ে পাকিস্তান জিতেছে তিন ম্যাচে। অপরদিকে কিউইরা জয়ের মুখ দেখেছে একবার। এ ছাড়া আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দুই দলের মোট ১৪ বারের দেখায় পাকিস্তান শেষ হাসিটা হেসেছে ৮ বার। আর নিউজিল্যান্ড জয় নিয়ে মাঠ ছাড়ার উপলক্ষ্য পেয়েছে ছয়বার।
এরপর আর বলার অপেক্ষা রাখে না যে সংক্ষিপ্ত ফরম্যাটে কেন উইলিয়ামসনের দলের চেয়ে শহীদ আফ্রিদির দল সেরা। এটা তো দু’দলের অতীত পারফরম্যান্সের হিসাব-নিকাশ। সাম্প্রতিক পারফরম্যান্স বলছে ভিন্ন কথা। এক্ষেত্রে পাকিস্তানের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড। বিশেষ করে ভারতে চলমান টি২০ বিশ্বকাপে তাদের দারুণ ফর্মই তার বড় প্রমাণ।
এশিয়া কাপে বাংলাদেশের কাছে পরাস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাকিস্তান। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা আফ্রিদি বাহিনী শোধটা নিয়েছে বিশ্বকাপে। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের ৫৫ রানে হারায় তারা। তবে দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ফুটে ওঠে তাদের আসল চেহারা! বাংলাদেশের বিপক্ষে মাত্র ১৯ বলে চারটি করে চার ও ছয়ে ৪৯ রান করা জয়ের নায়ক আফ্রিদিকে স্বরূপে পাওয়া গেল না ভারতের বিপক্ষে। টিম ইন্ডিয়ার বিপক্ষে ওয়ান ডাউনে নেমে ১৪ বলে করলেন মাত্র ৮ রান। বিশাল আশার মাঝে নিরাশার ছাপ রেখে পাক দলপতি ফিরলেন সাজঘরে। ইডেন গার্ডেনে তার দলও টিম ইন্ডিয়ার কাছে বিধ্বস্ত হয় ৬ উইকেটের ব্যবধানে।
বলতে গেলে এক বিরাট কোহলির কাছেই বলিদান হলো পাকিস্তান। ভারতের জয়ের নায়ক কোহলির ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৫* রান। এতে পাকিস্তান মিডিয়া ধুয়ে ছেড়েছে আফ্রিদি বাহিনীকে। দেশটির সাবেক ক্রিকেটাররা বসে পড়লেন সমালোচনার দুয়ার খুলে। এ ছাড়া ভারতের কাছে পরাজয়ের বৃত্তান্ত খুঁজতে ময়নাতদন্তে নেমেছেন আবদুল কাদির, সাকলায়েন মুশতাক, রশিদ লতিফরা। এমন দুঃস্মৃতিকে সঙ্গী করেই মোহালিতে আজ মঙ্গলবার রাত ৮টায় টি২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি, বিটিভি, স্টার স্পোর্টস ১ ও ৩।
এদিকে, চলতি বিশ্বকাপে দাপটের সঙ্গে খেলে যাচ্ছে নিউজিল্যান্ড। রীতিমতো উড়ছে কেন উইলিয়ামসনের দল। উদ্বোধনী ম্যাচে তাদের পরীক্ষা দিতে হয় স্বাগতিক ভারতের। ১২৬ রানের পুঁজি নিয়েও সফরকারীরা ধোনি-কোহলি-যুবরাজদের ললাটে এঁকে দেয় ৪৭ রানে হারের লজ্জার তিলক। তার মানে, ভারতের ইনিংস গুটিয়ে যায় মাত্র ৭৯ রানে! এতেই বোঝা যায়, নিউজিল্যান্ডের বোলিং কতটা দুর্ধষ।
নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বোলারদের নৈপুণ্যে জয় নিয়ে মাঠ ছাড়ে কেন উইলিয়ামসনের দল। ওই ম্যাচে অসিদের বিপক্ষে নিউজিল্যান্ডের সম্বল ১৪২ রান। মিচেল স্যান্টনার, ইশ সোধি, নাথান ম্যাককালামদের ঘূর্ণিতে কুপোকাত অসি ব্যাটসম্যানরা। কিউইরা বিজয়ের হাসিটা হেসেছে ৮ রানে। আজ পাকিস্তানের বিপক্ষে জিতলেই তারা উঠে যাবে বিশ্বকাপের শেষ চারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের একাদশে আসতে পারে পরিবর্তন। অনুশীলন করতে গিয়ে ঘাড়ে বলের আঘাত পেয়েছেন ওয়াহাব রিয়াজ। তাই পাকিস্তান চার পেসার নিয়ে নামতে পারছে না! রিয়াজের পরিবর্তে একাদশে জায়গা পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে ইমাদ ওয়াসিমের। অপরদিকে কিউই শিবির চোটমুক্ত। পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত দল নিয়েই নেমে পড়তে পারেন দলনেতা উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেলর, গ্রান্ট এলিয়ট, লুক রনচি, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, নাথান ম্যাককালাম ও ইশ সোধি।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: শহীদ আফ্রিদি (অধিনায়ক), শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ সামি, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।