রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রাওথা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
রাজশাহী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানা পুলিশ জানতে পারে রাওথা এলাকার মাদক সম্রাট আফজাল হোসেনের বাড়িতে একটি বিদেশি পিস্তল ও গুলি রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাতেই ওই এলাকার আশরাফ আলীর ছেলে আফজাল হোসেনের নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অফজাল হোসেনের বাড়ির ভিতরে ওয়াল প্রাচীরের পাশে লাগানো কবুতর রাখা বাক্সের ভিতর থেকে ইউএসের তৈরি একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সময় বাড়ির মালিক আফজাল হোসেন পলাতক ছিলেন।
এ ব্যাপারে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহিম বাদী হয়ে আফজাল হোসেনকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

