গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : ভ্রমণে এসে গণধোলাইয়ের শিকার হলেন ইরানের তিন নাগরিক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নিয়েছে। রোববার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইসলামী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার সামনে দাঁড়িয়ে থাকা তিন ইরানি নাগরিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কতিপয় লোকজন। এক পর্যায়ে তারা ওই তিন ইরানিকে গণধোলাই দেন।
গোবিন্দগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খালেক জানান, খবর পেয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় আনা হয়। তবে তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।
স্থানীয় সূত্র জানায়, ওই তিন ইরানি বেশ কয়েকদিন আগে বাংলাদেশে ভ্রমণে আসেন। এরপর থেকে তারা এদেশের বিভিন্ন জেলা ভ্রমণ করছেন। এক পর্যায়ে গোবিন্দগঞ্জ উপজেলায় আসলে তাদের প্রতারক ভেবে কতিপয় লোকজন মারধর করেন। বেশ কয়েক মাস আগে অনুরুপ কয়েকজন মানুষ ইসলামী ব্যাংকের তৃতীয় তলায় এনজিও খুলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ওই তিন ইরানিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

