ঢাকাSunday , 20 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সম্মেলনের দিন নির্ধারণ সন্ধ্যায়

Link Copied!

A.Legueনিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দিন নির্ধারণ করতে সন্ধ্যায় বৈঠকে বসছে দলটির কার্যনির্বাহী কমিটি। রোববার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন দলটির সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
চলতি বছরের ৯ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ ২৮ মার্চ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ইউনিয়ন পরিষদের নির্বাচনসহ বিভিন্ন কারণে এ তারিখে সম্মেলন হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছিল দলটির নেতারা। তাই সম্মেলনের পরবর্তী তারিখ নির্ধারণ করতে আজ বৈঠকে বসছে দলটি।
এছাড়া সদ্য অনুষ্ঠিত পৌরসভা ও আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই ধাপের নির্বাচনে ৭১১ বিদ্রোহী প্রার্থী এবং নেপথ্যে থেকে তাদের পৃষ্ঠপোষকতা ও মদদ দেয়া ৫১ এমপির ভাগ্য নির্ধারণ হবে আজ।
পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের মদদ দেয়া ২৫ এমপি এবং ইউপিতে বিদ্রোহীদের পক্ষে কাজ করা ২৬ এমপির বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত করছে আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকরা ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রিপোর্ট প্রস্তুত করছেন। এর মধ্যে পৌরসভায় নেপথ্যে থেকে বিদ্রোহীদের মদদ দেয়া ২৫ এমপির বিরুদ্ধে তদন্ত রিপোর্ট কেন্দ্রে জমা দিয়েছেন সাংগঠনিক সম্পাদকরা।
গত বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় দল। সারাদেশ থেকে নেতা-কর্মীরা কাউন্সিলে যোগ দেবেন। সাথে মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন দলের নেতা-কর্মীরাও সম্মেলনে আসবেন।
‘যেহেতু এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে ইউপি নির্বাচন হতে যাচ্ছে, আর এই নির্বাচন জাতীয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকল নেতাকর্মী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। এসব বিষয় চিন্তা করে সামনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সম্মেলনের তারিখ পরিবর্তন করা হতে পারে।
প্রসঙ্গত, ২২ মার্চ ইউপি নির্বাচনের প্রথম ধাপের ৭৩৮টি এবং ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৮৪টিতে ভোট নেয়া হবে। দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এতে সম্পৃক্ত হয়ে পড়েছেন।  ফলে কাউন্সিল অনুষ্ঠান নিয়ে দোটানায় ক্ষমতাসীন দলটি।