লাইফস্টাইল ডেস্ক : শরীরের ওজন বেড়ে যাওয়ার জন্য ফ্যাট জাতীয় খাবারের সঙ্গে অতিরিক্ত ঘুমকেও দায়ি করা হয়। অথচ পর্যাপ্ত ঘুমের মাঝেই লুকিয়ে আছে ওজন কমানোর গোপন রহস্য। জিমে ঘণ্টার পর ঘণ্টা কষ্টকর শারীরিক কসরত করার প্রয়োজন হয় না। ঘুমিয়েও শরীরের বাড়তি ওজন কমিয়ে ফেলা সম্ভব। আর সেজন্য ভালো ঘুমের সঙ্গে বিশেষ কয়েকটি অভ্যাস রাখা জরুরি।
অন্ধকার ঘরে ঘুম
ঘুমের সময় ঘরকে একেবারে অন্ধকারের কুঠুরি বানিয়ে দিন। দেখবেন, কোনো ফাঁক দিয়ে যেন আলো ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে। প্রয়োজনে দরজা, জানালায় মোটা পর্দা টেনে দিন। বৈজ্ঞানিক ব্যাখ্যায় দেখা যায়, অন্ধকার ঘরে শরীরের মেলাটোনিন হরমোন বেশি পরিমাণে নিঃসরণ হয়। এই হরমোনটি ভালো ঘুমের পাশাপাশি শরীরের বাড়তি মেদ ঝরাতে দারুণ সাহায্য করে।
ফোন দূরে রাখুন
ম্যানচেস্টার ইউনিভার্সিটির একটি গবেষণা বলছে, স্মার্টফোন ও ট্যাবলেটের থেকে নিঃসরিত শর্ট ওয়েভ বেগুনি রশ্মি শরীরের মেলাটোনিন নিঃসরণে ব্যাঘাত ঘটায়। এর ফলে খাবার হজমে ব্যাঘাত ঘটে। ঠিকমতো হজম না হলে মেদও বাড়ে। তাই ঘুমাতে যাওয়ার আগে মনে করে স্মার্টফোন ও ট্যাবলেট বিছানা থেকে সরিয়ে অন্যত্র রেখে দিন।
ক্যাফেইন নয়
চকোলেট বা কফিতে অনেক পরিমাণে ক্যাফেইন থাকে। ঘুমানোর আগে এগুলো খেলে ঠিকমতো ঘুম আসতে চায় না। তার উপর রাতে খাওয়া চকোলেট হজমও হয় না। পুরো ক্যালরিই মেদ হয়ে জমতে থাকে শরীরে। তাই রাতে চকোলেটকে একদমই না বলে দিন।

