নিজস্ব প্রতিবেদক : বিএনপির আসন্ন কাউন্সিলে আমন্ত্রিত অতিথি, বিদেশি মেহমান, সাংবাদিক, কাউন্সিলর, ডেলিগেটস ও নেতাকর্মীদের মধ্যে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে খাবার বিতরণের জন্য ১৯টি টিম গঠন করেছে দলটি। খাবার বণ্টানের দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নেতারা। নয়টি স্থান থেকে এ খাবার সরবরাহ করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাউন্সিল সফলে গঠিত আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক আব্দুস সালাম এ তথ্য জানান।
সুষ্ঠুভাবে খাবার বিতরণে ঢাকা মহানগরসহ দেশের ৬৪টি জেলাকে ১৯টি বৃহত্তর জেলায় ভাগ করা হয়েছে। প্রতিটি টিমের দায়িত্ব দেয়া হয়েছে কেন্দ্রীয় নেতাদের। খাবারের তালিকায় থাকছে- মোরগ পোলাও, ডিম ও পানি। সঙ্গে কোমল পানীয়ও থাকছে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আব্দুস সালাম বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিদেশি মেহমান, কাউন্সিলর ও সাংবাদিক ছাড়া কারো জায়গা থাকবে না। সুতরাং ডেলিগেটসদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে অবস্থান করতে হবে।’
তিনি বলেন, ‘বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে চায়, কাউন্সিলে অংশগ্রহণ করতে চায়। আমরা কাউন্সিলের ডেলিগেটদের বসানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ চেয়েছিলাম। কিন্তু তা পাইনি। তাই কাউন্সিলের দিন সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পাওয়া গেলে এবং সে কারণে যানজট সৃষ্টি হলে বিএনপি দায়ী থাকবে না। দায় হবে সরকারের।’
১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, হারুন অর রশিদ, আসাদুল হাবিব দুলু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

