নিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, শিশুদের কাছে বঙ্গবন্ধু ও তার কর্মজীবন একটি আদর্শ। শিশু দিবস স্মরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শিশুদের মধ্যে বেঁচে থাকবেন। বঙ্গবন্ধু কোনোদিন জন্মদিন পালন করেননি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয়ে ২৩তম জাতীয় শিশু দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোশাররফ বলেন, ‘শিশুদের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করার মতো সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। এর স্থায়ী কোনো ঠিকানা নেই। আমরা স্থায়ী ঠিকানার জন্য জায়গা দেব।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মধ্যে এ জাতির সকল মুক্তির-সংগ্রামের উপাদান ছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘দেশকে স্বাধীন করতে একদিকে আলোচনা অন্যদিকে সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন বঙ্গবন্ধু।’
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে কেক কেটে ২৩তম জাতীয় শিশু দিবসের উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মিয়া মানসুর, খায়রুল আনাম, আসাদুজ্জামান জামিল প্রমুখ।
কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে ১১টি বিষয়ে ৬৩ জেলায় এ প্রতিযোগিতা হচ্ছে। এতে ১ লাখ ৭৬ জন শিশু-কিশোর অংশগ্রহণ করছে। এর মধ্যে ঢাকায় রয়েছে ২ হাজার ৮শ’ শিশু-কিশোর।
উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে লোক নৃত্য, অভিনয়, আবৃত্তি, সাধারণ নৃত্য, চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুকে নিয়ে গান, নজরুল সংগীত ও রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান ইত্যাদি।

