নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী প্রচার লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির পর বিএনপি সংবাদ সম্মেলন করে অর্থমন্ত্রীসহ সরকারের পদত্যাগ চাইছে। অথচ বিএনপির সিনিয়র পর্যায়ের নেতাদের আন্তর্জাতিক জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক আছে। এ বিষয়টি খতিয়ে দেখার জন্য সকারের কাছে আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের এই নেতা বলেন, সোহরাওয়ার্দী মাঠে বিএনপির কাউন্সিল অধিবেশন করার যোগ্যতা ও সামর্থ্য নাই। কারন কাউন্সিল অধিবেশন নিয়ে বিএনপি সোহরাওয়ার্দীতে অনুমতি চেয়েছিল। তা দেওয়ার পর তারা কাউন্সিল করতে রাজি হলো না। ওই মাঠে যে জনসমাগম করতে হবে, তা বিএনপির নেই।
বেগম জিয়া, জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছেন বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।
সভায় আয়োজক সংগঠনের ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার উপস্থিত ছিলেন।

