নিজস্ব প্রতিবেদক : বিএনপির কাউন্সিলের সমালোচনা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্র্যাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘এদের কোন অস্তিত্ব নেই, কাউন্সিলে কী করা হবে, তা বলার অপেক্ষা রাখে না। তাদের(বিএনপির) কাউন্সিল মানেই নতুন বোতলে পুরাতন মদ ঢুকানো।’
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুজিব সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দুর্নীতিবাজ দাগী খুনি আর ষড়যন্ত্রকারীদের আড্ডা বিএনপিতে। তাদের কাউন্সিলে নতুন কিছু আশা করা যায় না। খুনিদেরকেই তারা প্রাধান্য দিয়ে থাকে।’ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মায়া বলেন, ‘ইউপি নির্বাচনে বিএনপির নেত্রী হারিকেন নিয়ে নিজ দলের চেয়ারম্যান প্রার্থী খুজে পাচ্ছে না। কারণ খালেদার অপকর্মের কারণে বিএনপির সকল প্রার্থী পানিতে ডুবে গেছে।’ দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ষড়যন্ত্র করে যদি কেউ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চায় তাদের ক্ষমা করা হবে না।’
২০১৯ সালের আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হবে না সাফ জানিয়ে তিনি বলেন, ‘আপনি (খালেদা) বাস মিস করে ফেলেছেন, দৌঁড়ায়ে ধরতে পারবেন না। জনগণের কাছে ক্ষমা চান তারপর ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হন।’
আয়োজক সংগঠনের সভাপতি মহিউদ্দীন বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সংগঠনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

