সিলেট প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো হাওয়ায় উড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (১২ মার্চ) রাতে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। মেজর হাফিজ বলেন, ‘মঈন উদ্দিন-ফখরুলদের আমলে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। কিন্তু হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো হাওয়ায় উড়ে গেছে। আর খালেদা জিয়াকে এখনও আদালতে হাজিরা দিতে হচ্ছে।’
মামলা দিয়ে বিএনপির শীর্ষ নেতাদের অযথা হয়রানি করা হচ্ছে এমন অভিযোগ তুলে বিএনপির ওই নেতা বলেন, ‘বাংলাদেশের কোথাও গণতন্ত্র নেই। দেশের সর্বত্র চলছে স্বৈরতন্ত্র। বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিল শেষে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা এখনও ট্রেনিং জমা দেননি। বিএনপির প্রতিষ্ঠাতা ও রণাঙ্গণের মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধারা প্রয়োজনে আবারো রাজপথে লড়বেন, রাজপথে নামবেন।’
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে হাফিজ বলেন, ‘মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সে স্বপ্ন আজ ধ্বংসের পথে। মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সমাধি ঘটিয়েছে বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।’
সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর উত্তম, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম প্রমুখ।

