গাইবান্ধা প্রতিনিধি : বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘যারা দেশকে বিদেশের হাতে তুলে দিতে চায়। দেশের মানুষ নিয়ে ভাবে না, উন্নয়ন নিয়ে তামাশা করে। যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বাস করে, এ দেশ তাদের জন্য নয়। স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে যারা মানুষ পুড়িয়ে হত্যা করে সেই বিএনপির অস্তিত্ব নিয়ে এখন টানাটানি শুরু হয়েছে।’
শনিবার দুপুরে গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘ধর্মের নামে অধর্মের কাজ করে জামায়াতে ইসলাম। ধর্মের দোহাই দিয়ে তারা মানুষ হত্যার রাজনীতি বেছে নিয়েছে। সেই দলকে নিষিদ্ধ করা হবে সে দিন আর বেশি দুরে নয়।’
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহম্মুদ চৌধুরী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, হুইপ মাহবুব আরা বেগম গিনি, সাবেক ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান রিপন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জামায়াতের নাশকতার শিকার হয়ে অসংখ্য মানুষকে জীবন দিতে হয়েছে। অনেকেই পঙ্গুত্ববরণ করেছে। দেশের মানুষকে রক্ষা করতে আওয়ামী লীগ সরকার প্রতিজ্ঞাবদ্ধ। আওয়ামী লীগ দেশের জনগণকে নিয়ে জামায়াত-বিএনপির নাশকতা প্রতিরোধ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ জন্য দেশের মানুষ আজ ভালোভাবে বাঁচতে পারছে। আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। যে বিদুতের আলো আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে।
নাশকতা, মানুষ হত্যা, দেশবিরোধী কর্মকাণ্ডের জন্য জনগণ বিএনপিকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী নেতারা।
সম্মেলন শেষে অ্যাডভোকেট সৈয়দ শামস-উল-আলম হিরুকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেন মাহবুব-উল-আলম হানিফ। পরবর্তীতে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হবে বলেও জানান তিনি।

