নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘জনগণের কাছে আর কত ধিক্কার নেবেন? ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছুটা হলেও ভূমিকা রাখুন। এ নির্বাচন আপনাদের শেষ সুযোগ। আপনাদের যথেষ্ট সাংবিধানিক ক্ষমতা আছে দয়া করে সেটা প্রয়োগ করুন। আর সেটি করতে না পারলে বাংলার জনগণ আপনাদের ক্ষমা করবে না। জনতার আদালতে আপনাদের বিচার করা হবে।’
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইউপি নির্বাচনে সরকারের নিরপেক্ষতা ও ইসির সক্ষমতা শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে অল কমিউনিটি ফোরাম।
খন্দকার মাহবুব বলেন, ‘ফখরুদ্দিন-মঈনউদ্দিনের করুণায় ক্ষমতায় আসা বর্তমান এ অবৈধ সরকার দুর্নীতি আর লুটপাট করে সারাদেশের মানুষকে আতঙ্কিত করে তুলেছে। এমনকি আমাদের রিজার্ভ ব্যাংকের টাকাও উধাও হয়ে গেল, যা পৃথিবীর কোথাও হয়নি।’
২০২৪ সালের নির্বাচনেও আ.লীগ ক্ষমতায় আসবে স্বাস্থ্য মন্ত্রীর এমন বক্তব্যবের প্রতিক্রিয়ায় এই আইনজীবী বলেন, ‘২০২৪ সাল নয় চিরদিন থাকুন। তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের এবং দেশের জনগণকে একটু শান্তিতে থাকতে দিন।’
আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম,সাবেক সাংসদ সৈয়দ আশিফা আশরাফ পাপিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দালনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

