সাভার প্রতিনিধি : আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ধামরাইয়ের উপজেলার বাইশাকান্দা ইউপি সদস্য আব্দুর রহমান নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহমান সকালে মোটরসাইকেলে সাভারের উদ্দেশে রওনা দেন। পরে তিনি নবীনগর জাতীয় স্মৃতিসৌধ এলাকায় এসে পৌঁছলে পিছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে সাভার হাইওয়ে পুলিশের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা পরিদর্শন করেছে।
অন্যদিকে, সকালে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার ছয়তলা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশটি দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়ের করার হয়েছে।

