স্পোর্টস ডেস্ক : ঘরোয়া লিগের হিসেবে দু’দলই সমানে সমান। বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে বরুসিয়া ডর্টমুন্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে একই অবস্থান টটেনহ্যাম হটস্পারের। কিন্তু ইউরোপা লিগে তাদের পার্থক্যটা স্পষ্ট হয়ে গেল। জার্মান ক্লাবের কাছে উড়ে গেল ইংলিশ ক্লাবটি। শেষ-১৬’র প্রথম লেগের লড়াইয়ে ৩-০ গোলে হারল টটেনহ্যাম। বিপরীতে ঘরের মাঠে বড় জয় তুলে কোয়ার্টার ফাইনালে এক পা রাখল ডর্টমুন্ড।
বৃহস্পতিবার রাতে টটেনহ্যামকে স্বাগত জানিয়েছিল ডর্টমুন্ড। কিন্তু অতিথিদেরকে কোনো পাত্তাই দিল না তারা। মার্কো রিউসের জোড়া আঘাতের সঙ্গে এমিরিক উমবামেয়াংয়ের উদ্বোধনী গোলে ৩-০ তে থমাস টাচেলের শিষ্যরা।
এদিন যেন অতিরিক্তি বিশ্বাস নিয়ে দল সাজিয়েছিলেন স্পার বস মাওরিসিও পোচেটিনো। দলে সাতটি পরিবর্তন এনেছিলেন তিনি। তাতেই চড়া মূল্য দিতে হলো তাকে। পরের নিজেদের মাঠে বড় জয় না পেলে লিগ থেকে বিদায় নিবে তার শিষ্যরা।
চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা উমবামেয়াং প্রথমার্ধে গোলের সূচনা করেন। খেলার ৩০ মিনিটে মার্সেল স্মেলজার স্পারের পেনাল্টি এরিয়া বল তুলে মারেন। সবার উপরে মাথা উঁচিয়ে সেটাকে জালে জড়িয়ে দেন উমবামেয়াং। সেই সঙ্গে চলতি মৌসুমে নিজের ৩৮ ম্যাচে ৩৩ গোল পূর্ণ করেন এই তারকা।
১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বরুসিয়াকে ডাবল লিড এনে দেন রিউস। ৬১ মিনিটে ক্যাস্ট্রোর ক্রস থেকে বল পাওয়া সাবোটিচ আলতো পায়ে সেটি এগিয়ে দেন ডি বক্সের মধ্যে থাকা রিউসকে। সুযোগ পেয়ে সেটি জালে জড়াতে ভুল করেননি তিনি। ৭০ মিনিটে গোলের আরো এক গোল করে ব্যবধান বৃদ্ধি করেন রিউস। কিন্তু শেষ পর্যেন্ত লড়াই করেও কোনো গোল শোধ করতে পারেনি সফরকারীরা।
ম্যাচশেষে স্পার বস পেচেটিনো বলেন, ‘এই ফলাফল নিয়ে আমি খুবই হতাশ। এটা আমাদের একটি খারাপ দিন ছিল, আমাদের এটা মেনে নিতে উচিত।’
দলে পরিবর্তন আনা নিয়ে তিনি বলেন, ‘এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নাই। কারণ যখন আমরা একাদশ বাছাই করি, তা জয়ের জন্যই করি। আমি মনে করি শুরুর পাঁচ মিনিট আমরা ভালোই খেলেছিলাম। কিন্তু এরপর আমাদের দুর্ভাগ্য শুরু হয়।’

