স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-২০তে বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ইনিংসের মালিক ওপেনার তামিম ইকবাল। এবারের বিশ্বকাপে নিজের সেই রেকর্ডটি ভেঙে নতুন রেকর্ড গড়ার আশা জাগিয়েছিলেন। কিন্তু মাত্র ছয় রানের জন্য রেকর্ডটি ভাঙতে পারলেন না চট্টগ্রামের এই তারকা।
বুধবার ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট এসোসিয়েশন মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে শুরুতে ব্যাট করতে নামেন তামিম। শেষ পর্যন্ত টিকে থেকে ৮৩ রান করেন। ৫৮ বলের এই ইনিংসে রয়েছে ছয়টি চার ও তিনটি ছক্কার মার।
২০০৭ সালে অভিষেক হওয়ার পর টি-২০তে মোট ৪৭টি ইনিংস খেলেছেন তামিম। সব মিলিয়ে হাফ-সেঞ্চুরি করেছেন চারটি। অবাক করার বিষয় হলো, এই নেদারল্যান্ডের বিপক্ষেই করেছেন তিনটি অর্ধ-শতক। তার সর্বোচ্চ ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১২ ঢাকাতে ৮৮ রান করে অপরাজিত ছিলেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিমের ওই ইনিংসের পরে সর্বোচ্চ ইনিংসটির মালিক সাকিব আল হাসান। ২০১২ সালে পাকিস্তানের বিপক্ষে ৫৪ বলে ৮৪ রান করেছিলেন তিনি। তামিমের সামনে সুযোগ ছিল, দুটি রেকর্ডই ছাড়িয়ে যাওয়ার। কিন্তু ৮৩ রানেই থেমে থাকতে হল তাকে।

