গাজীপুর প্রতিনিধি : টঙ্গীর নুরুল ইসলাম হত্যা মামলায় রমজান ওরফে মকবুল কসাই নামে এক জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার বিকেলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মকবুল কসাই টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকার ওয়াহেদ আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে বলা হয়, ২০১৩ সালের ১৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় কাঁচা বাজার করতে যান। এ সময় আসামি মকবুল কসাই পূর্ব শত্রুতার জের ধরে নুরুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুরিসহ তাকে আটক করে পুলিশে দেয়। ওইদিনই নিহতের ছেলে নুরুল আলম বাদী হয়ে রমজান আলীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
আদালত সাত জনের সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের শুনানি শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি হারিছ উদ্দিন আহমদ ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান।

