ঢাকাWednesday , 9 March 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টি২০ বিশ্বকাপ
নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

Link Copied!

BD
স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে ৮ রানে হারিয়ে টি২০ বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। বুধবার ধর্মশালায় এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১৫৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে সাত উইকেটে ১৪৫ রান করে নেদারল্যান্ডস। ফলে ৮ রানের রোমাঞ্চকর জয় পায় মাশরাফি বাহিনী। আগামী ১১ মার্চ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ।
জয়ের জন্য করতে হবে ১৫৪ রান। নেদারল্যান্ডসের জন্য ছিল বেশ চ্যালেঞ্জের। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে নেদারল্যান্ডস মাঝে মধ্যেই ঝলক দেখানোর চেষ্টা করেছিল। কিন্তু শেষ অবধি আর রক্ষা হয়নি। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৪৫ রানে থামে ডাচ বাহিনীর ইনিংস। বাংলাদেশের হয়ে ৮৩ রানে অপরাজিত থাকার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার অনুমিতভাবেই জিতেছেন হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে দেখেশুনে আগাতে থাকে নেদারল্যান্ডসের দুই ওপেনার। তবে শুরুর দিকে দুটি এলবিডব্লিউর আবেদন করলেও আল আমিন ও তাসকিনের ডাকে সাড়া দেননি ভারতীয় আম্পায়ার এস রবি। তবে বাংলাদেশ দলের হয়ে ঠিকই ব্রেক থ্রু এনে দেন আল আমিন। এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধেও তিনি প্রথম উইকেট নিয়েছিলেন। বুধবার নেদারল্যান্ডসের ওপেনার ওয়েজলি বারেসিকে বিদায় করেন আল আমিন। ১১ বলে ৯ রান করা বারেসি আল আমিনের বলে ক্যাচ তুলে দেন সাব্বিরের হাতে।
তবে কুপারকে সঙ্গে করে ওপেনার স্টিফেন মাইবার্গ এগুচ্ছিলেন সাবলিল ঢঙে। শেষ অবধি দ্বিতীয় এই উইকেট জুটি বিচ্ছিন্ন করেন নাসির হোসেন। ২৯ বলে ২৯ রান করে ক্রমেই ভয়ংকর হয়ে ‍উঠতে থাকা ওপেনার মাইবার্গকে বোল্ড করেন তিনি। তবে অধিনায়ক বোরেনের সঙ্গে শক্ত জুটিরই আভাস দিচ্ছিলেন বেন কুপার। কিন্তু শেষ অবধি তাতে বাধ সাধলেন সাকিব। ১৫ বলে ২০ রান করা কুপারকে সরাসরি বোল্ড করেন সাকিব। নেদারল্যান্ডসের দলীয় রান তখন ১১.২ ওভারে ৭৭ রান।
চতুর্থ উইকেট জুটিতে পিটার বোরেন ও টম কুমার ভালোই আগাচ্ছিলেন। শঙ্কা বাড়ছিল বাংলাদেশের জয় নিয়ে। ১৫.৪ ওভারে সাকিবের বলে শূন্যে বল তুলে দেন বোরেন। তা লুফে নিতে পারেননি নাসির। তবে এই ওভারের শেষ বলেই বোরেনকে তালবন্দী করে আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন নাসির।
শেষের দিকে আল আমিনের করা ১৯তম ওভারে ১৬ রান তুলে ম্যাচে নতুন মোড় সৃষ্টি করে নেদারল্যান্ডস। কিন্তু শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। তবে তাসকিনের করা ওভারে নেদারল্যান্ডস করতে পারে ৯ রান। ৮ রানের জয় আসে টাইগার্স শিবিরে। বাংলাদেশের হয়ে সাকিব ও আল আমিন দুটি, মাশরাফি ও নাসির একটি করে উইকেট লাভ করেন।