নিজস্ব প্রতিবেদক : বিরল রোগে আক্রান্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার কালসারডাড়া গ্রামের বৃক্ষমানব তাজুল ইসলাম (৪৩), শিশুপুত্র রুহুল আমিন (১০) এবং তাজুল ইসলামের বড়ভাই বাসেত আলীকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর এপিএস-১ মো. জাহাঙ্গীর আলম বুলবুল নির্দেশে তাজুল ইসলামের পরিবারকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাদের তিন জনকে বর্তমানে কেবিন ব্লকে রাখা হয়েছে। এদিকে, ডাক্তাররা বলছেন, আমরা রোগটি পরীক্ষা-নিরীক্ষা করে দেখবো। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি খুলনার ট্রি-ম্যান আবুল বাজনদারের শরীরে থাকা হিউম্যান প্যাপেরাস।
এদিকে, এর আগে, ‘এবার রংপুরে বৃক্ষমানব পরিবারের সন্ধান’ শিরোনামে গত রোববার (৬ মার্চ) বাংলামেইলে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সর্বত্র আলোড়ন সৃষ্টি করে। জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিস এমনকি চায়ের দোকানেও আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় বৃক্ষমানব বাবা-ছেলের খবরটি।
সংবাদ প্রকাশের পরের দিন সোমবার দুপুরে বিরল রোগে আক্রান্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর কালসারডাড়া গ্রামের তাজুল ইসলাম (৪৮) ও তার ছেলে রুহুল আমিনের (১০) পরিবারকে সহযোগিতা করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়। এছাড়াও সমাজসেবা অফিস ও স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব কার্যালয়সহ ইসলামী ব্যাংক ও সাহায্য সহযোগিতা প্রদানকারী সংস্থাও ওই পরিবারটির খোঁজ-খবর নেয়া শুরু করে।

