গাজীপুর প্রতিনিধি : নিখোঁজের তিনদিন পর গাজীপুরের পল্লীবিদ্যুত এলাকায় ইন্টারস্টফ নামে একটি পোশাক কারখানার ভেতর থেকে এক গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে খুন করে মরদেহ ওই স্থানে রাখা হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের।
সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।
পুলিশ জানায়, পল্লীবিদ্যুত এলাকার ইন্টারস্টফ নামের একটি পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেকটর দীপক সাহা গত তিনদিন ধরে নিঁখোজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে না পেয়ে শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। খুন হওয়া দীপকের মরদেহ ওই কারখানার ভিতরে থাকলেও দিনব্যাপী টালবাহানা করতে থাকে কারখানা কর্তৃপক্ষ। পরে সন্ধ্যার দিকে পুলিশ গিয়ে কারখানার ভিতরে নতুন ভবনের লিফটের জায়গায় জমে থাকা পানি থেকে দীপকের মরদেহ উদ্ধার করে।
দীপকের পরিবারের সদস্যদের দাবি তাকে খুন করে কারখানার ভিতরে গুম করে রাখা হয়েছিল। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

